Friday, 6 May 2022

উত্তর--নিরাপদ বিশ্বাস


উত্তর--নিরাপদ বিশ্বাস


আমি অনেক দিন আগে

একটা কথা তোমাকে বলেছিলাম--

তুমি শুনেও শোনো নি।

হাজার বছর পেরিয়ে আবার যখন

একটা কথা তোমাকে বোঝাতে চেয়েছি,

তুমি বুঝেও বোঝনি।


কাঠ ফাটা রোদ্দুরে ঘোর খাওয়া মানুষের মতো,

হাঁফিয়ে চলেছে তোমার ছায়া'--

দরবারের হুসেন শাহের মতো'...!

তুমি কখনো ফিরেও দেখনি।


খাসনবিশ,-মহলনবিশ কত

খেতাবি আদব কায়দা-

মণিকর্ণিকায় গাঁট বেঁধেছে,

তুমি কখনো ছুঁয়ে দেখনি;

--এই জল তরঙ্গ,নীল আকাশের নিচে

কত স্বপ্ন আঁকে,

সে স্বপ্নে কখনো তুমি ভাসনি।


রোজনামচার সালতামামি কুড়িয়ে

প্লাবন পেয়েছ যখন,

তখনও তোমাকে জিজ্ঞেস ক'রেছি,

কি পেয়েছো??

তুমি নিরুত্তর!!


সব দৃশ্যপট শেষ।

প্রশ্ন শেষ;

তখন উত্তর এল'----"তুমি"।



কৌশিক গাঙ্গুলির একগুচ্ছ কবিতা--

 


কৌশিক গাঙ্গুলির একগুচ্ছ কবিতা--

স্বপ্নের মানুষ'


অন্ধ নই, বধির নই,

নই রক্ষকের ভক্ষক হওয়ার উদাহরণ। 

দুর্ভাগ্যের সৌজন্যে দিশাহারা তবু

ভালোবাসা পেতে আর দিতে এখনো 

ভালো লাগে, প্রকৃত মানুষের সন্ধান পেতে তোলপাড় করি কত মানুষের ভিড় ও মিছিল।  আদর্শহীন আর ধান্দাবাজদের জয়জয়কার দেখেও বোকার মতন স্বপ্ন দেখি কিছু ভালোর। 

অসভ্যতা, মিথ্যার গর্জন, দুষ্টের নির্মমতা আমাকে ব্যথিত করে, চোখে আসে জল। একজন ব্যর্থ মানুষ এই সমাজে - 

অর্থ, চাকচিক্যহীন একজন মানুষ যে শুধু নিজস্ব আঙ্গিকে লিখে চলে সময়ের কবিতা, রক্ত অক্ষরে, তাতে শুধু জীবন যন্ত্রণা। 

হে দেশ, এই মোসাহেব আর ধূর্তদের ভিড়ে আমি বড় বেমানান, তবু ভালোবেসে হেরে যেতে যেতে খুঁজে পাবো স্বপ্নের মানুষ।


কাব্য


দিন গেল রাত গেল

শব্দ বহে যায়,

অক্ষর যাপনের জ্বালা

শিরায় শিরায়,

প্রেম নাহি আসে

এই শুষ্ক হৃদয়ে,

যন্ত্রণার কাব্য শুধু

লেখা হয়ে যায়।


"বসন্ত"


কি এসে গেল তাতে যদি না তাকে পাও

তবে ঘুরে ঘুরে খোঁজো খোঁজো পাবে যাকে চাও,

ভেঙে গেছে ঘর না পাও ঠিকানা

নীল লাল সাদা কালো সব চেনা,

প্রেম বিনা এ জগৎ মিথ্যা তাই

আসুক যন্ত্রণা তবু তোমাকেই শুধু চাই

কষ্ট করলে তবেই মিলবে চাহিদা যতো 

কেউ হয়না এ সমাজে কারোর মতো,

ওগো আমার বেদনায় তোমার কান্না আসে।

এই গোধূলির আলোতে দেখি যে সব সত্য ভাসে

 সবচেনা উত্তর মাখামাখি দেখো ঐ বসন্ত আসে।


"নষ্ট পদ্য " 


অহেতুক পরিবেশ দূষণ কিংবা এডস্ এসবে না মাথা ঘামিয়ে আসুন বুলাদি লুডো খেলি । মানুষ এখন হাসতে টিভিতে ভাঁড়ামো দেখে , কান্না দেখতে সিরিয়ালে ভালো চরিত্রের সততা উপভোগ করে , আদর্শ থাকে পাঠ্য বই এ আর কেউ ভালো থাকে না , ভান করে - সংবাদপত্রে সংবাদ নয় বিজ্ঞাপন দেখি , আড্ডায় পি এন পি সি আর কেচ্ছাচর্চা ও ফাঁকতালে বাতেলা প্রতিযোগিতা । লঘু , গুরু , সম্মান - অসম্মান সব গুলিয়ে গেছে , তেলিয়ে , ঠকিয়ে ,ভয় দেখিয়ে একদল কামিয়ে যাচ্ছে অন্যরা মুখে বুড়ো আঙুল চুষছে আর দাঁত কেলাচ্ছে । মেয়েরা মেকাপ করতে সময় নিক ,ছেলেরা তা তারিয়ে তারিয়ে দেখুক ,সৈন্যরা দেশের জন্য যুদ্ধ করুক , রাজনীতিবিদরা জলঘোলা । পাচুরা চা করুক দোকানে , টনিরা ইংলিশ মিডিয়ামে পরুক আর দুনম্বরিকে সেলাম , ভালোকে অবজ্ঞা, যে ডুবছে ডুবুক আমরা চোখ বুঝে থাকি তাই দেখতে ভুলে যাই সামনে পচাডোবা আছে নষ্ট হয়ে  যাওয়া এই সমাজের । 

আমার স্বভাব খারাপ , তাই বাজে কথাই লিখি , স্বজনহীন ,বন্ধুহীন , বিবেকহীন এই সমাজে শব্দখোঁচা রাখি ।  


ভগবান"


অপরাধীদের জয় জয়কারে

ভীতু ভগবান মুখ লুকিয়ে থাকে।

সততা মানুষকে দুর্বল করে তোলে,

ব্যর্থ বিবেক হার মেনে নেয় শয়তানের কাছে,

কাঁদতে কাঁদতে হৃদয় একসময় চুপ করে যায়।

নির্লজ্জ মানুষেরা বুক ফুলিয়ে ঘোরে,

আমরা গল্প বলি পুণ্যের যা সত্য নয়,

কারণ পাপীরা শাস্তি পায় না,

কষ্ট পায় হৃদয়বানেরা,

যারা ভালো কিছুর জন্যে

মৃত্যুকেও হাসিমুখে বরণ করে।

তবু এই অন্ধকার জগতে খারাপের ভালোতে

 লজ্জায় মুখ লুকোয় ভগবান।

গ্রামের পথে--গৌরী মৈত্র


গ্রামের পথে--
গৌরী মৈত্র 


বৈশাখী ধুলোর ঢল,মরু চরাচরে জীবন জেগেছে, 

বাতাসেও বেড়েছে উষ্ণতা, তাই বনস্পতির কামনা 

তীব্র এখন জ্বলন্ত রুক্ষতায়,ক্রমশঃ সে দাহ

পৌঁছে যাবে বর্ষার মেঘমালায়;

এই অভিরুচি নিয়ে গ্রাম্য পাখিটি ছুঁড়ে দিলো হঠাৎ 

প্রশ্ন কুহূ ঃ খেয়ালী মেয়েটি চলে গেছে নাকি চৈত্রমাসে

শেষের তারিখে? ধুলোভরা বাতাসে ভর দিয়ে এক

শূন্য ডাল নেচে উঠলো, জানে নাকি ও জবাবটা! 

এভাবেই যাতায়াতে পুনঃ পুনঃ দৃৃশ্যাবলী পাল্টে যায়, 

পাল্টায় হৃদয়ের বসন্ত, বৈশাখ,এই চৈত্রের মাস--

যেখানে উপসংহার--সীমা ব্যানার্জী রায়


যেখানে উপসংহার--সীমা ব্যানার্জী রায়


পৃথিবীতে বড় বেশী দুঃখ আমি পেয়ে গেছি, অবিশ্বাসে

প্রহরীর মতো একা, সুখ ও অসুখ নিয়ে ওষ্ঠাধর ত্রাসে

:

নিজেই বেছেছি এই পথ, ফেরার অন্য নেই পথ

জীবন ও মানুষের হাঁটা চলার ভাষা-বড় বেশি শ্লথ

:

'ভাষা' শব্দটি যেন প্রকৃতির গাণিতিক সংকেতের খেলা

পরস্পর কথা বলে, স্বপ্নের ভিতর এক স্বপ্ন দুয়ার খোলা 

:

তীব্রভাবে বেজে ওঠে কৃ্তঘ্ন শব্দের রাশি

এখন আমার ধ্যান আর বিস্মরণ নয়, কেবলি রশি

:

যেন আমি পার্থিব আলোয় খুঁজি  জীবনে বিস্ময়ের অশ্রুজল

সামান্য শরীর ঘিরে পরে নিয়েছি অনন্তের কঠিন শৃঙ্খল 

:

এত আলো-বাতাস, তবু দীর্ঘশ্বাসে দুলে ওঠে বিষণ্ণতা 

জীবনের নিয়ম ও নিয়মহীনতায় সর্বনাশা শূন্যতা

     :

     হাহাকার মেশা উচ্চারণে আমি পরিত্রাণ চাই

     মুহূর্ত বিমূর্ত হয়, দূরত্বকে শান্তি ভেবে যাই

     :

     অসহিষ্ণু বাসনায় নিজেকে ঢেকেছি অবিরত

     দিনের আলোয় ভীরু প্রাণ জোনাকির মতো

     :

     চতুর্দিকে জনারণ্য দেবে শুধু অতৃপ্তির জ্বালা

     ছোট ছোট সুখ দুঃখ নিয়ে বাঁচার নাম নিরালা

     : 

নিয়তি বদল করে, আলো-ছায়া -আলো ঘোরে পাংশু ঈর্ষার

তার চেয়ে, দূরে চলে যাবো, সীমার যেখানে উপসংহার


       ******

তুমি থেকো* - ইমতিয়াজ কবির

 


*তুমি থেকো*

           - ইমতিয়াজ কবির 


তুমি আছো তাই

আজো সবুজের দেখা পাই

তুমি আছো তাই 

আজো পাখি গান শোনায়

অগ্রগামী সভ্য মোরা

অগ্রগতির শিখরে চড়ে,

নতুনের নামে ভাঙি

স্থায়ী চির নতুন

সৃষ্টির ব্যর্থ প্রচেষ্টায়!

নিজেদেরই করি উদ্বাস্তু

সীমাহীন ছাদের নীচে;

প্রকান্ড অট্টালিকাও

দেয়না নির্ভরতা , নিশ্চ়য়তার আশ্বাস।

তবু বেঁচে আছি সরীসৃপের মত

ধোঁয়া শুধুই ধোঁয়া চারিদিকে

নেই সর্বভুক নেই শিখা 

আছো তুমি প্রাণে বিশ্বাস!

কাঁদে আজও সবুজের ফাঁকে

নিঃস্বার্থ সভ্যতার মূল্যদাতা!

ওদনহীনা শূন্য জঠর দুর্বল পানি

আম্বরহীনা মুন্ড- কলেবর উচুঁ তর্জনী,

ধর্ম কর্ম বেচেছি সস্তায়

কিনেছি অচল মান বস্তায়

সভ্যতার নামে ছড়ায়ে অসভ্যতা

পণ্য করেছি রমণী- নন্দিনী- জননী!


মিশায়ে গরল সমীরণে সাজি বিশ্বত্রাতা

অর্ঘ্য- সম ভ্রান্তি বিলাস

কুজন - আধি শুনবে কৈলাশ?

কার তরে মান কিসের অভিমান

কোন লোভে শত- প্রাণ করছি হনন!

শতবর্ষ ধোয়া ললাট

ঠুকিলেও ঠকা ঠক

পন্ডশ্রম করবে চাতক

তবু নাহি ঘুচবে পাতক।

জীব হয়েও না জীব - সেবা

মিছে তবে যাবি ' কাবা ' !

ভদ্র নয় তুই ইতর হবি

জিন্দা হলেও তুই যে ছবি 

চালাক ভাবিস? বড়ই বোকা

নিজেই নিজেকে দিচ্ছি ধোঁকা

যোগ বিয়োগের হিসাব ভুলে

মানুষ হ ' ভাই বদ্ধ- মূলে। 



যুদ্ধকথা মনিরুজ্জামান প্রমউখ


যুদ্ধকথা 

মনিরুজ্জামান প্রমউখ 

------------------------------------- 

বারবার যুদ্ধের দামামা গড়ে 

কী পাও তোমরা? 


ক্ষত আর যন্ত্রণার 

অভিশপ্ত পাড় ভেঙ্গে 

যোদ্ধা পৌঁছে স্বর্গে। 

সেখানে তার দেশ, সন্তান, 

প্রিয়তমার হাত অধরা। 


অচেনা নগরী আর নাগরিক 

জানেনা রক্তলালের সমীক্ষা।

জীবনের অভিসারে -- মহাজিস মণ্ডল


জীবনের অভিসারে

মহাজিস মণ্ডল


সময়ের নদী ছুঁয়ে দেখি

আলো আর অন্ধকার

পরস্পর খেলা করে


শূন্যতারা বসে নেই কোথাও

নিরুদ্দেশে উড়ে যাচ্ছে মেঘ

অবিশ্রান্ত বৃষ্টির খোঁজে


স্বপ্ন বুকে প্রদীপের মতো জ্বলে

নক্ষত্রও জ্বলে আকাশে

অনন্ত জীবনের অভিসারে...



অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...