Thursday, 5 May 2022

কিছুই নয় মুক্ত--প্রদীপ মণ্ডল


কিছুই নয় মুক্ত--প্রদীপ মণ্ডল

জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ


কিছুই মুক্ত নয় জগতে

মূল্য দিতে হয়। 

উপযুক্ত মূল্য বিনে হেথা

কিছুই কারো নয়। 

শিশুর হাসি মিষ্টি ভারী

তাও নয় মুক্ত। 

পেতে চাইলে হাসতে হবে

হাসি বিনে শক্ত। 

স্বর্গীয় উপলব্ধি প্রণয় ভবে

তাও মুক্ত নয়। 

পেতে চাইলে দিতে হবে

উজাড় করে হৃদয়। 

আশীর্বাদও তুমি কিনতে পার

দিলে সামান্য কড়ি। 

বিশ্বাস না হলে পরে

দাও ভিক্ষুক ধরি। 

বন্ধুত্ব পরম উপলব্ধি ভবে

দিয়ে নিতে হয়। 

একটু পিছিয়ে এলে পরে

সেও উবে যায়। 

স্বর্গের পথও নয় উন্মুক্ত

সুকর্মে অর্জন হয়।  

বাধা পাবে পথে ঘাটে

কড়ি দিতে হয়।

একটি কলম--স্বপ্না মজুমদার


একটি কলম--স্বপ্না মজুমদার

পুনে (মহারাষ্ট্র)


একটি কলম,হ্যাঁ মাত্র একটি কলম, শুধু

যে কোন রঙের কালি ভরা চাই,

পারে লিখতে সব কিছু

প্রতিবাদ কড়া হতে পারে

হতে পারে প্রেমের মাধুর্যে,মাখানো,

নয়তো প্রশ্নের ঝড় তোলে সর্বদাই,,

কেনো উঁকি ঝুঁকি মধ্যবিত্তের ঘরে

সুখ দেখে নিঃশ্বাস ফেলো 

গরীবের ঘরে একটু দাও উঁকি

করো সাহায্য, দাও চাকরি একটা

মানবতা হোক মূল সাক্ষী!!

কলম ধরেছে সাহিত্যিক গণ,

বন্দুক,ছুরি চাকু কেউ ধরে নাই

তবুও কতো বাধা,যাবে না লেখা

এটা,ওটা কতো তার ব্যাখ্যা,

কিসের জন্য দাও বাধা

আইন তোমাদের পথে চলে,

সুযোগ পেলে প্রতিবাদীকে

ভরবে তোমরা জেলে,

সে তো সেই কবে থেকেই 

আসছে নিয়ম হেঁটে চলে,

দুলে দুলে!!

বিদ্রোহী কবি নজরুলকে

সবাই আমরা জানি,

ছিলেন কিছু দিন জেলে

এই যে সমাজ জুড়ে,চলছে ধর্ষণ খেলা

প্রতিবাদ হয় ঠিকই,একটু আধটু

তারপর সব ভোঁ ভাঁ,

প্রহসনের আশ্চর্য্ এক নাট্যশালা,,

কতো রাজনৈতিক টানাপোড়েন

কোনটা হয়েছে সঠিক

গরীবের কান যায় ধরা সহজেই

ধনী ব্যাঙ্ক লুটেও,সম্মানীয়  বেশ,

ধর্ষক মাথা তুলে চলে,সমাজের বুকে 

ধর্ষিতার জন্য মৃত্যু মিছিল!!

যাবে না লেখা একচুল বে নিয়মে

কলম চলুক এগিয়ে

লেখো না কবি, প্রকৃতির কথা

নয়তো মানব প্রেম,,

নদী সাগরে অগাধ জলরাশি

লিখে ফেলো তোমার মনে

শান্ত থাকো লেখক , কবি

শান্ত হও মননে।।

দেবত্রয়ী হালদার--কল্পনাময় স্বপ্ন


দেবত্রয়ী হালদার--কল্পনাময় স্বপ্ন


ব্যস্ততার শহর থেকে দূরে গিয়ে নির্জনতায় খুঁজতে চাই শান্তি

প্রয়োজন আমার প্রশান্তিময় একাকীত্বতার, ঘুচাতে চাই শরীর ও মনের ক্লান্তি। 

চারিধারে থাক সবুজের অস্তিত্ব, মধুময় পক্ষীদের সুরেলা কূজন

সহিতে পারিনা আর নানা যান্ত্রিকের চিৎকার, আপন-হারা মানুষের ক্রন্দন। 

মিঠে রোদেলা মেঘ তার স্নিগ্ধতায় আলোকিত করুক আমার প্রকৃতি

হিমেল হাওয়ার পরশ গায়ে মাখতে চাই চিত্র ভুলে হিংসার রক্তারক্তি। 

চকচকে পবিত্র জলে স্নাত হয়ে ধৌত করতে চাই সব পাপ

কল্পনাময় স্বপ্নকে বাস্তবায়িত করে পেরোতে চাই জীবনের শেষ ধাপ।।

ঊশ্রী মন্ডলের গুচ্ছ কবিতা--


ঊশ্রী মন্ডলের গুচ্ছ কবিতা--


আকর্ষণ


বয়ে চলা সময়..

দে না অভয়,

দুখে ভরা রোদ..

আর করোনা আমোদ ;

সুখগুলো রয়েছে কোনখানে ?

ফুলরূপে আমারই অঙ্গনে l


ও নীলাভ আকাশ..

যদি একবার তাকাস,

দেখবি শান্ত সমাহিত-

চোখে স্বপ্ন নিহিত ;

জোছনায় ভরা অখিল..

হাসছে যেন খিলখিল |


যেন ঐ হাসি..

বাজায় মধুর বাঁশি ,

কে চলেছে বিহ্বলে..

শুনে,গহীন বনাঞ্চলে ?

হাসি কিংবা বাঁশির..

দোষ ? নাকি ইন্দ্রিয়াদির !


নাকি কারোর আহ্বানে..

ঘায়েল হলো প্রেমবানে,

সুরেরই গুন তবে..

মিলুক তারা কুণ্ঠাহীনভাবে ;

ঝরুক সব জড়তা..

ঘুচুক লাজলজ্জা অজ্ঞতা  |


ছুঁয়ে যাক ভালোবাসা..

জাগুক হৃদয়ে পিপাসা ,

বলে ধারাররূপী প্রেম..

তৃষ্ণা মিটাতে এলেম  ;

শুস্ক নদী ভরলো..

দুকূল ছাপিয়ে বইলো  |


জমেছে পলি তীরেতে..

বীজ ভরলো অঞ্জলিতে ,

সেগুলিরে ছড়িয়ে দেবে..

লোকারণ্যে জনমানসে অবিলম্বে  ;

নতুন সভ্যতা গড়বে..

ভাঙবে, আবারও জুড়বে  |


নদীর পাশেই গ্রাম...

কুটির গুলি নয়নাভিরাম ,

করছে তারা বাস..

নিচ্ছে শান্তির শ্বাস  ;

খেতে পেকেছে ধান..

এবার গড়বে সংবিধান  |


তাতে জুড়বে নতুন..

নানাবিধ নানান কায়দাকানুন ,

সমাজ হবে সুষ্ঠ..

আসবে হেথায় ঋতুশ্রেষ্ঠ ;

আবার ফুটবে ফুল...

জীবন হবে অনূকুল  |


যুগে যুগে বইবে..

কালের ধারা একইভাবে ,

রাত্রি ক্ষইবে , চনমনে-

দিনেরই অমোঘ আকর্ষনে  ;

রঙ্গশালা উঠুক ভরে..

তোমারই ক্রীড়াঙ্গনে অকাতরে |


স্বয়ংসম্পূর্ণ


দেওয়া-থোওয়া থেকে থোওয়াকে বাদ দিলাম ,

বাদ-প্রতিবাদ হতে প্রতিবাদকে চুপ করালাম,

আসা-যাওয়া থেকে যাওয়া বন্ধ রাখলাম,

ব্যক্তি-স্বাতন্ত্র্যতা থেকে স্বাতন্ত্র্যতাকে উড়িয়ে দিলাম,

জীবন হতে যৌবন..

অতীত হতে বর্তমান..|


আত্মস্মৃতি হতে স্মৃতি কেবলই সরে যায়,

সংস্কৃতি হতে স্কৃতি একেলাই চলে হায়,

রীতিনীতি হতে নীতিরে ভুলে যাওয়া -অন্যায়,

লোকসংগীত হতে সংগীত আজ নিজেরে হারায়,

মোহবন্ধন থেকে বন্ধন..

রোগনিবন্ধন থেকে নিবন্ধন..|


সমস্ত বাদ দিয়ে যা রইলো..

তা নিয়ে কী - স্বয়ংসম্পূর্ণ মানুষ,আমি এখন ?


দিনশেষে


শুনি,

দিনশেষে..

কার বাণী ? কার আহ্বান ?

সময় হয়েছে যেতে হবে প্রাতে ,

খেলা কী গো শেষ হলো এ নাট্যশালার অভিনেত্রী রূপে ;

ছিলাম অপেক্ষায় অনেকদিন..

যদিও শেষ হয়নি কর্ম,

তাতে কী..

আবার আসবো ফিরে হয়ে রঙিন ;

নতুন রূপে ভাবনায়..

চিনতে পারবে কী ?

তুমি আমায়..|


বইবো..

আনমনে ,

কাগজের নৌকারূপে ,জমা জলে,

থেমে গেলে,ঠেলে দিয়ো আমায়..

না হয় দিয়ো-একটি দার জুড়ে,দিয়ো পাল টাঙিয়ে ;

হাওয়ার টানে তরতরিয়ে..

যাবো দূর বহুদূর ,

জানিনে ? কোনখানে ? 

হয়তো'বা ভিজে চুপসে যাবো..

তুলে নিও আমায়,

রৌদ্দুরে শুকিয়ে নিয়ে..

ভাসিও গঙ্গায় |


দিলাম'কী..

দুরুহকাজ ?

ক্ষম প্রিয় মোরে আজ ,

তবুও মিনতি করি ,ভুলে লাজ ;

ভুলে যেওনা- সেই দিনের গান,কথা,হাসি,সুখ আলাপন,

যা আমরা বলেছিলাম..

আনন্দে উৎফুল্লে হেসেছিলাম,

দুলেছিলাম দোলনায়..

দোঁহে চলেছিলাম,একই রাহে ,

রেখেছিলাম হাতে হাত..

করেছিলাম একসাথে অঙ্গীকার ;

অবিচ্ছেদ্য প্রণয়ে l


প্রেমে পাগলিনী


কোথায় ? কোথায় তুমি ? প্রতিদিন খুঁজি

বনে ,কোথা লুকাইলে ! এ ছদ্মবরণ 

(বটবৃক্ষ নিজ গুঁড়ি ঝুড়িতে করে গো 

আড়াল ) কেন নিলে , কী ছিলো প্রয়োজন ?

আমাকেই চাও শুধু এড়াতে মোহন !

এখনো, কেন তবে, তুমি বেনু বাজাও

বনে বনে ? ওই সুর করে বিহ্বল

পারিনা রইতে ঘরে ,কী করি এখন !


রয়েছে ঘরেতে স্বামী, শাশুড়ি ননদ

হেথা মোরে সকলেই, রেখেছে নজরে

(যেমনে চঞ্চল মতি শিশুকেই রাখে 

সম্মুখে ) ওরা ,জেনে গিয়েছে মনোদশা

আমারই, হায় হায় কী হবে উপায় ?

যদি সবই লোকলাজ ভুলে ,বেরিয়ে

পড়ি পথে, পাবো কী আবারও দেখা !

আসবে কী ,আমার সম্মুখে আড়াল থেকে  ?


তোমারে বিশ্বাসে ভরি, মনস্থির করি

যাবো তব ডাকেই, বিধিনিষেধের

(অতিরিক্ত বর্ষার কারণে বাঁধ ভাঙে

নিমেষেই ) বেড়াজাল ভেঙ্গে,তোমারই

দর্শনে, বাজাও বাঁশুরি ধুন আবার  |

আমি তোমারই শ্রীমতি ,হয়েছি প্রেমে

পাগলিনী,ক্ষম মোরে করি গো বিনতি

দর্শন দাও,স্থান চাই তব ঐ পায় |


মন্মুখ     


" সে বলল ওহে রচয়িতা,

কারে খোঁজো..

প্রতিনিয়ত আপন রচনার ছায়ে হয়ে আত্মবেদিতা ?

কেন তারে বিষন্নতার রঞ্জনে রঞ্জিত করো ;

প্রতিনিয়ত এখনও...

পাবে কী খুঁজে তারই ঔজ্বল্য ?

পারিনি দিতে উত্তর কোনও..| "


" অতীতের পান্না খুলে দেখছিলাম..

অন্যায় অত্যাচারের চিত্র,

যা এখনও বিদ্যমান - তা আঁকছিলাম..

বললে ,এ ছবি কেন এঁকেছো সাহস নয় মন্দ  ;

আমি বললাম ,আমি আঁকিনি তুমিই এঁকেছো..

আজ কেন - করছো অপছন্দ..? "


" বলতে পারিনি আমার কথা,

তাই তো আমারই..

আঁকা ছবিতে ফুটে উঠে মনোব্যথা ;

শান্ত নির্জন লোকালয় হয়েছিল ভীত আতঙ্কিত কার ছোঁয়ায় ?

তছনছ করে দেয় জানিনা কী উল্লাসে !

জীবনযৌবন ধনমান সকলি খোয়ায়..| "


" আজ তুমি বৃক্ষরূপে দাঁড়িয়ে,

রেখেছো সম্ভাবনার সংরচনার..

সদভাবনার সংহতির অজস্র বাহু বাড়িয়ে ,

পাখিরা বেঁধেছে বসেরা ফুটেছে ফুল ফল পত্রী শাখে  ;

সুখের বাণী ভেসে বেড়ায় আজ ..

আমারই লোকমনের চোখেমুখে মন্মুখে..|"


আমার পটের ছবি


আমার চিত্তে ফোটে কলি, অলি হলাম ,

আবার দামোদরের চরও হলাম l


উড়ে যায় বিহগী দাবদাহে কান্ত দুপুরে..

ভাগীরথীর আহ্বানে খড়ি চলেছে এঁকেবেকে কলস্বরে ,

মাঝি বাইছে আপন নাও শান্ত লহরে..

দিক দিগন্ত মোহিত তারই ভাটিয়ালীর সুরে ;

বাতাসও আমোদিত হয়ে বহে,আমি দেখলাম..

আমারই পটে তা আঁকলাম |


শুনি নুপুরের কিঙ্কিনী শুষ্ক ঝরা পত্রের..

দেখি শান্ত সমাহিত ধ্যান মগ্ন রাত্রির ,

নক্ষত্রগুলি গড়ছে নকশাকাটা শাড়ি যা জরির..

চাঁদ এরই মাঝে একাকী এক যাত্রীর  ;

গীতিকার রচে গীত যা মধুর কলাম..

ঘুমিয়ে ছিলাম আজ জাগলাম |


জয়চন্ডী, ভান্ডার যেন চিরকালীন যমজ সহোদর..

শ্যামারূপার মন্দির যেন রহস্যে মোড়া চাদর ,

জয়দেবের মেলা সম্প্রীতিতে বেঁধে করে সমাদর ;

শুনেছি দেবী চৌধুরীরানীর কথা,ছিলেন ধুরন্ধর..

সকলকেই নিয়েই গৌরবান্বিত হলাম,

পূর্ণতার শ্বাস হৃদয়ে ভরলাম  |

গড়জঙ্গলের গাছগাছালির মতোই উঁচুমাথায় , আকাশ ছুঁলাম ,

প্রকৃতিসৃষ্ট তালে তাল ঠুকলাম l

সাঁঝেরবেলা--অগ্নিশ্বর সরকার


সাঁঝেরবেলা--অগ্নিশ্বর সরকার


আকাশ জুড়ে মেঘের খেলা

বাড়ি চল, থাকতে বেলা,

ভ্রমর ফুলে খাচ্ছে মধু

পুকুর ঘাটে গাঁয়ের বধূ।


রাখাল ছেলে চড়ায় গরু

ফেরার পথ আল সরু,

গাছে ঝোলে আম সবুজ

মেরোনা ঢিল, হয়োনা অবুঝ।


চাষি ফেরে বাড়ির পথে

জোড়া বলদ নিয়ে সাথে,

চায়ের দোকান পথের ধারে

ক্লান্ত পথিক গল্প করে।


উলু ধ্বনি উঠল বেজে

আজান তখন মনের মাঝে,

খেলছে মাঠে ছেলের দল

একপাশে ক্রিকেট অন্যপাশে ফুটবল।

সাবিত্রী দাসের কবিতা--



সাবিত্রী দাসের কবিতা--

অস্তিত্ব


বলেছিলে-"ভুলতে চাইছো পূর্ণা?"ভোলা কী এতই সহজ! 

থর থর কেঁপে উঠেছিলো হৃদয়!

 যে তোমাকে নিঃস্ব রিক্ত সর্ব ত্যাগী সন্ন্যাসী বানালো, 

সে পূর্ণা হয় কী করে?খুঁজতাম তার রহস্য!


জন্মের পর বড়ো আদরে  নাম রেখেছিল সম্পূর্না ।

নিয়তি হেসেছিল অলক্ষ্যে,সম্পূর্না  ছিলাম বৈকি!

বিদ্যা বুদ্ধি যতটা ,তারও চেয়ে বেশি যে অনুভূতি!

............................

তুমি দেবদূত, এসেছিলে  আলোক -বর্তিকা হাতে।

আলোয় আলোময় হয়ে উঠলো আমার ভুবন!

চাইলাম আলোর স্রোতে ভাসতে! তুমিও তাই,

প্রাণপনে চাইলে আপন করতে আমায়........


সে আলোর আকাশে কালো মেঘের আনাগোনা !

ভয় পেলাম দ্বন্দ্ব  দ্বিধার টানাপোড়েনে মন হলো উদ্বেল, 

বললে-"সব ছেড়ে চলে এসো!

 শেষ গন্তব্যে যাওয়ার আগে একান্তে এসো একটিবার ,

এসোই না হয় সোহাগের অনুরাগে।"

পারলাম না!আমার অস্তিত্বে সংস্কারের অবয়ব 

এতই বড় হয়ে উঠলো !তুমি ঢাকা পড়ে গেলে।


শেষবারের মতো দিলে ডাক -"সব ত্যাগ করে চলে এসো!" 

ত্যাগ করার মতো আর  কিই বা ছিলো আমার ? 

দ্বিধাহীন দর্পের দর্পণে  সম্বল শুধু  যে তোমারই মুখখানি!


নবজন্ম--সোমপ্রভা


নবজন্ম
--সোমপ্রভা 


প্রান্তিক সময় দুয়ার খুললে বেজে ওঠে নবজন্ম 

চেতনায় খসে যায় নাড়ি 

নিজেকে ভুলতে দিই অতিকথনের ঝোঁক।


দেদার আড্ডা - জমায়েত পুড়িয়ে দেয় চোখ

বৈঠকী সন্ধ্যায় বাড়তে থাকে কৌতূহল 

দাঁতে ঠোঁট কামড়ে ঘুরে দাঁড়াচ্ছে  বর্ষকামনা।


উদাসী হাওয়া ছুঁয়ে দিয়েই বলে ওঠে 

এবার গোটাও নিজেকে। ভুলে যাও অতীত 

আলতা পায়ের ছাপে হেসে  উঠুক নবজন্ম।।


জারা সোমা বন্দ্যোপাধ্যায় 

কোলকাতা বারাসাত

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...