Friday, 6 May 2022

মধ্যবিত্তের পরম্পরা --নারায়ণ রায়


মধ্যবিত্তের পরম্পরা --নারায়ণ রায়


ছোট্টবেলায় পাড়ার নীরেনদার দোকানে

বোয়েম ভর্তি সাজানো লেবু লজেন্স।

পরাধীন মনটা চাইতো, কিনি আর খাই,

বাবা বলতেন, ওগুলো খেলে পেটে কৃমি হয়।

মনে মনে ভাবতাম, যখন স্বাধীন হ'ব

তখন দু'পকেট ভরে কিনবো আর খাবো,

তখন তো জানতাম না যে, 

আমি কোনদিনই স্বাধীন হ'ব না।

আমার বাবাও কোনদিন স্বাধীন ছিলেন না,

তার বাবাও ছিলেন না।


কলেজে পড়ার সময়ে বন্ধুরা বলতো

চল, দিলখুসের কাটলেট খাবো,

মুখে বলতুম ক্ষিধে নেই,

আর মনে মনে ভাবতুম, যখন ক্ষিধে পাবে,

তখন দুপ্লেট ভর্তি কাটলেট 

আর কবিরাজি খাবো।

তখন তো জানতাম না যে,

আমার কোনদিনই ক্ষিধে পাবে না।

এখন মনে পড়ে, আমার বাবারও

কোনদিন ক্ষিধে পেত না,

তার বাবারও ক্ষিধে পেত না।


সঞ্চালি বলত, তোকে আমার খুব ভালো লাগে,

আমি  বলতাম, আমার ভালো লাগে না।

মনে মনে ভাবতাম যখন আমার খুব প্রেম পাবে,

তখন তোকে আমি খুব, খুব করে ভালবাসবো,

তখন তো জানতাম না যে, 

আমার কোনদিনই প্রেম পাবে না।

আমার বাবা-মাকে কোনদিন 

পাশাপাশি বসে একটু গল্প করতেও দেখিনি,

তাদের বাবা-মা'দেরও 

নিশ্চয়ই কোনদিন প্রেম পেত না!


বিয়ের পর বৌকে বললাম, পুজোর ক'দিন

নাইবা ঠাকুর দেখলে! বরং ওই কদিন

কাজ করলে কিছু টাকা পাবো,

তোমার একটা শাড়ি হবে।

ঠাকুর না হয় পরের বছর দেখবো।

তখন তো জানতাম না যে,

ঠাকুর আমার কোনদিনই দেখা হবে না!

আমার বাবা-মাও কোনদিন 

ঠাকুর দেখতে বেরোয় নি,

তাদের বাবা-মাও

কোনদিন ঠাকুর দেখে নি।


ছেলে বললো, বাবা ইলিশ মাছ খাবো,

আমি বললাম, দূর বোকা ইলিশ খেলে

পেট খারাপ হয়।

তার চেয়ে বরং চল, আজ রাতে আমরা

বেগুন পোড়া দিয়ে মুড়ি খাই।

মনে পড়ে বাবা বলতেন, 

কারখানার লক আউটটা উঠলেই 

একটা মাছের মুড়ো কিনবো,

মাছের মুড়ো দিয়ে, পুঁইশাক খাবো।

বাবার আর কোনদিনই মুড়ো দিয়ে

পুঁইশাক খাওয়া হয়নি,

তার বাবারও নিশ্চয়ই খাওয়া হয়নি।


অথচ বংশের পরম্পরা তো মানতেই হবে,

আজ যখন আমি অসুস্থ হয়ে প'ড়লাম;

জ্ঞান হয়ে দেখি, শুয়ে আছি

হাসপাতালের দোতলার তিন নং বেডে,

কি আশ্চর্য আমার বাবাও ছিলেন 

এই হাসপাতালের এই একই বেডে,

আর সেদিনও ছিল আজকের মতই 

পাশের পর্নমোচী গাছটা পত্রহীন।

বাবা আর বাড়ি ফিরে যাননি,

শুনেছি তার বাবাও এই হাসপাতালের 

এই বেডেই........।

তবে কি আমিও..........?

ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায়ের তিনটি কবিতা --


ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায়ের তিনটি কবিতা --

ভালোবাসা


এখন পাখির অবশ ডানা

বিফল যে তার স্বপ্নখানা

ভেবেছিল জীবনখানা

অসীম ডাকে কাটবে।


ভোর হতে সে ঘর ছাড়ল

বিভুঁই আকাশ আপন হল

ভাবলে মনে এই আছি বেশ

ঘরের মায়ার থাকল না রেশ।


আকাশ পথে পাড়ি দিল

ডানার শক্তি বুঝে গেল

আকাশ বলে পাগল পাখি

ঘরের দিকে ফেরাও আঁখি।


পাখির চোখ জলে ভরা

আকাশ কে যায় না ধরা।

কন্ঠে এল বিরহগান

সুরে সবার প্রাণ আনচান।


অবশডানা ঝাপটে চলে

হৃদয়ে প্রেম কথা বলে।

আকাশ পাখির ভালোবাসা

বুকের মধ্যে ছোট্ট আশা।


নাই বা হল মিলন ওদের

ছোট্ট আশা কম বা কিসের?


তোমার অসীমে


এবার যখন যাবো চলে

কিচ্ছুটি না কথা বলে

নীরব হয়ে শান্ত হয়ে

শিউলি ফুলের মতো


তুমি যখন বাঁশির সুরে

খুঁজবে আমায় উদাস সুরে

প্রতিধ্বনি ফেরত পাবে

অধীর হয়ে আমায় চাবে।


খুনসুটি আর কাঙালপনা

চাইবে যখন হৃদয়খানা

আকাশ পানে চাইবে তখন

চাঁদপানা সেই মুখখানা।


আমার তখন আমোদ ভারি

পরনে নীলাম্বরী শাড়ি

আকাশ হয়ে ধরা দেবো

অনন্তেরই ডাক শোনাবো।


তোমার বাঁশি ডাকবে আমায়

দিগন্তরে দূর নীলিমায়

আকুল করা সেই সুরেতেই

মুক্তি পাবো  মুক্তি পাবো।


যদি বৃষ্টি নামে



যদি বৃষ্টি নামে

তবে অনেকটা ভিজবো

আর অনেকটা ভালোবাসবো।

বৃষ্টি মানে তো ভালোবাসাই।


যদি বৃষ্টি নামে

উথাল পাথাল উদাস হাওয়ায়

উড়বে আমার কেশদাম।

আমার চোখের পাতা

ভিজে নরম হবে

বৃষ্টির আদরে।


বৃষ্টি মানেই তো তুমি।

তুমি তো বৃষ্টি বাউল।

হাতে তোমার একতারা।

উদাস সুরে ভাসবো দুজন

হাসবো তখন কলকলিয়ে।


এমনি যদি বৃষ্টি আসে

হৃদকমলে অচিনপুরে।

মায়ার কাজল ছড়িয়ে দেবো

ভরবে জীবন গানের সুরে।

শ‍্যামাপ্রসাদ সরকারের দুটি কবিতা --


শ‍্যামাপ্রসাদ সরকারের দুটি কবিতা --


স্বেচ্ছা...


আমার পার্থিব আমি 

তোমার কাছে জমা করে দিয়েছি বলে

শুধু অপার্থিব প্রেমকে কাছে রেখে দিয়েছিলাম।


আবেগমহলে সে এসে বসত করুক

ঠোঁটের পলাশবিতানে একা পদচারণায়

দিয়ে যাক গোপনে সেই ঘুঙুরের ডাক।


সেদিন সে  ডেকেছিল বলে 

আজ না হয় চলে যেতে চাইলাম!

ক্ষমা চেয়ে জীর্ণ মুঠোয় বাড়ানো

যা ছেড়ে দেব বলে  কথা দিয়েছি,

আসল সম্পদভার, প্রেম বেলাগাম!


অপসৃয়মান


কি করে বোঝাব আর

ওষ্ঠে অঙ্গুলী ছুঁয়ে 

তুমি আমাকে আসলে

 স্তব্ধ থাকতেই বলেছ।


বিষপানে অমোঘ মৃত‍্যুর যাচনা

তোমার অরণ‍্যমেখলা দেখেও

আমি তো চেয়েছি, কতবার।


শখের অলকানন্দা জলে ডুবে গেছি

তন্মধ‍্য আসঙ্গের খড়কুটো

শুধু ধরতে চেয়ে, চিৎকার করেছি!


কি নির্মোহ দৃষ্টিপাতে,

তুমি একাকীত্বের সাধনায়

আমাকে ক্রমশ সিদ্ধ করতেই চেয়েছ!


হে ভাবীকাল!

 তবুও তুমি দূরাগত কেন?

কেন ছেড়ে গিয়েও বারংবার,

রেখে গেছ অভ‍্যাসের ডাকনাম!


.....


26/04/2022

বীরেন্দ্রনাথ মন্ডলের দুটি কবিতা--


বীরেন্দ্রনাথ মন্ডলের দুটি কবিতা--


পর্ণকুটির 




আমি এখন ভীষণ ব্যস্ত থাকার কুটির বানাতে। 

যত কিছু সরঞ্জাম জোগাড় করছি মনের হরষে ।

মনটাও বেশ  প্রফুল্লিত নতুন সৃষ্টির  আনন্দে। 

মনের মায়াজালের কাঠকুটো সবই  পাচ্ছি। 

অনায়াসে  হাতের নাগালের ভিতরেই। 

সে খুব সূক্ষ্ম ঐন্দ্রজালিক পরিপক্ক কাঠামো 

তোমার ধ্যানের  আলো এখানে পৌঁছাবে না গো। 

দিয়েছি বেড়াজাল নানারকম ঐশ্বরিক শক্তিতে ।

তুমি ভেবেছো ধ্যানের সূক্ষ্ম তরঙ্গে মিলিত হবে। 

সে এক  বিদ্যুৎ ঝলকের  সংস্পর্শ সূক্ষ্মতম। 

শারীরিক নয় মানসিক নয় সাংকেতিক। 


দরজা-জানালা সব শক্তি তোমার চোখের পলক। 

ঘরের ছাউনি আচ্ছাদিত তোমার দেহের রোমকূপ। 

চারিদিকের সীমানা আলুলায়িত কেশ কুন্ডল ।

পর্ণকুটির যে তোমার সুশ্রী মুখমণ্ডল। 


আমি সরোবরে স্নান  করে পরিধান স্বর্ণ পদ্মপত্র। 

উত্তরীয়টি সে এক  অভূতপূর্ব লতাগুল্ম দল। 

শ্বেত চন্দন কপালে লেপন ঋষিমুনি অবিকল। 

ধানের আসন সে মৃত্তিকা শ্বেত পাথর দ্রুমদল। 



আশ্রমবাসী 


আমি এখন সংসার ত্যাগ করেছি। 

গভীর জঙ্গলে একটা গাছ তলায় থাকি । 

প্রায়ই চোখ বন্ধ থাকে। 

মাঝে মাঝে তাকাই অর্ধ নিমীলিত। 

চারিদিকে সবুজ বনানী বাতাসে আন্দোলিত। 

যথেষ্ট ফুল ফুটে থাকে বুনোফুল। 

কিছু নাম জানি কিছু জানিনা 

বড় শান্তি পাই মনটাও বেশ ভালো। 


ক্ষুধায় কিছু ফলমূল খেয়ে বেশ আছি। 

স্নিগ্ধ হাওয়া কথা বলে আমার সাথে। 

পাখিরা গান গায় তাদের নিজস্ব ডাকে। 

পাশে টলটল একটা সরোবর। 

সেখানে ফুল প্রজাপতি ভ্রমরের খেলা চলছে। 

আকাশ এখানে ঘন নীল সাদা মেঘ। 

হরিণ শিশু খরগোশরাও লাফালাফি করে বেশ। 

ভালো একটা আশ্রমে  যেন আছি বসে। 


ভাবছি একটা মনোমত কুটির বানাবো। 

চোখ বন্ধ মাঝে মাঝে খুলে আবার বন্ধ করি। 

স্বর্গীয় আনন্দে আছি বেশ ভাল আছি। 

একটা হরিণশিশু এল লাফিয়ে কি যেন খুঁজছে। 

অদূরে দাঁড়িয়ে মা হরিণ তাকিয়ে আছে। 

যেন বলছে আয় বাছা আমি এখানে। 



** বীরেন্দ্রনাথ মন্ডল, 28 এপ্রিল 2022।

ভুবনেশ্বর, ভারতবর্ষ । 

Thursday, 5 May 2022

সম্পাদকের কলমে--


সম্পাদকের কলমে--

লেখালেখি অনেকটা মনের ব্যাপার। যখন সময় কাটতে চায় না, মন ভারাক্রান্ত হয়ে পড়ে, সবকিছু ভুলে যাবার তাগিদে আমরা অনেকেই কলম ধরি। এতে অন্তত মানসিক সান্তনাটুকু আমরা খুঁজে পেতে পারি। নিজেকে কিছুটা সহজ স্বচ্ছন্দ অনুভব করতে পারি।

অর্থের দিক থেকে প্রাধান্য না দিয়েই শুধু মন সংযুক্তির জন্য আমরা মনের কথা গল্প কবিতায় লিখে যাই।

আমাদের অনেকের কাছে আবার লেখাটা অনেকটা নেশার মত মনে হয়। রং পানিয়ের পিপাসায় অনেকে যেমন মাতাল হতে চাই। তেমনি কুণ্ঠা দুঃখ বিষাদ লেখালিখির মধ্যে দিয়ে ভুলে যেতে চাই। 

লেখার মধ্যে ডুবে থেকে নিজের মনের প্রকাশ, শোক-সন্তাপ, প্রেমভাবনা আমরা উজার করে দিই, নিজেকে মেলে ধরতে পারার মনন বুঝি মন পাতার ভাবনা থেকেই উঠে আসে!

অবশেষে অনুরোধ, আমাদের কবিতা পত্রিকা, স্বরধ্বনি পড়ুন। কবির মনের ভাব ভাবনা প্রতিফলিত হোক পরস্পরের মন দর্পণে, মন্তব্যে উঠে আসুক ভালো মন্দের বিচার। নিবেদন ইতি-- তাপসকিরণ রায়।

সহ সম্পাদকের কলমে--বৈশাখ এলে রঙ তুলি দিয়ে এ হৃদয় ছবি আঁকে, আনন্দ গানে মেতে ওঠে প্রাণ পঁচিশে এ বৈশাখে

সত্যিই, বৈশাখ মাস এলেই মনটা বেশ ফুরফুরে হয়ে ওঠে। সে হয়তো নতুন বছরের আগমনের কারণে যে খানিকটা হয়না এমন নয়, তবে এই আনন্দের বিশেষ কারণটা হলো এটা কবিগুরুর জন্মের মাস। আর কী আশ্চর্য! তাঁর সব পরিচয় ছাপিয়ে  বড়ো হয়ে ওঠে কবি পরিচয়। 

পয়লা বৈশাখের পর একটা একটা করে দিনগুলো পার হয়ে ঝপ করে এসে পড়ে পঁচিশে  বৈশাখ। পঁচিশে বৈশাখে ,প্রখর তপ্ত দহনের দিনে যেন প্রাণের প্রবাহ ধারা যায় বয়ে। সবাই  উচ্ছ্বাসে মেতে ওঠে। মেতে ওঠে কবিতায়, গানে। এই অনাবিল আনন্দে সামিল হতে আমরাও সকল দুঃখ-দৈন্য, ক্লান্তি ,শ্রান্তি ভুলে মেতে উঠতে চাই কবিতার মধ্যে।--সাবিত্রী দাস। 

রাত ভর রোমান্টিক গল্প--সন্ধ্যা রায়


রাত ভর রোমান্টিক গল্প--
সন্ধ্যা রায়


রাত ভর রোমান্টিক গল্প মানে তুমি তার প্রেমিকা নও, পারমিতা !

সাক্ষাতের অপেক্ষায় আমি। 

ইচ্ছে ভালোবাসার অনুভূতিগুলোকে কবর দিয়েছি--

জমাট বাঁধা বেদনাকে মুছে ফেলেছি,

ছিঁড়ে ফেলে টুকরো টুকরো করে জমিয়েছি এক  আকাশ স্মৃতি।

সত্যি ভুলতে পেরেছো কি আমাকে পারমিতা? 

একরাশ অভিমান বুকভরা অক্লান্ত বেদনারা স্বপ্নের ভীড়  করে আমার চোখের পলকে 

আঙ্গুলের ফাঁক গোলিয়ে চলে গেছো মনে হয়। 

মনে করে দেখেছ কি হাতটা আমার হাতেই ধরা!

অকথিত চোখের জল, ব্যথিত  মনের গুমরানি সহ্য হয় না আর, পারমিতা!

বিশ্বাসগুলো আর বেঁচে নেই সব হারিয়ে গেছে-- 

হে মাটি মা দুভাগ হও মুখ লুকিয়েই বাঁচি।

নিকট অথচ দূর--মহুয়া বিশ্বাস


নিকট অথচ দূর--মহুয়া বিশ্বাস

-----------------------------


নিকট অথচ দূর সম্পর্কের জালে আবৃত আমার  হৃদয়-চোখ-মন

প্রাণহীন....প্রায় মৃত‍্যু যন্ত্রনার অধিক;

চোখের ভুল পর্দার আড়ালে--

সেখানে নেই প্রাণের স্পন্দন... বন্ধন..

অগোচরেই শিথিল.....মিথ‍্যা আলিঙ্গনের চিত্রপটে;

যেন মায়াচ্ছন্ন ছায়াছবি;

অযথা বাকচাতুর্য....অযথা প্রসাধন অতিরঞ্জিত করার প্রয়াসে ব‍্যর্থ  হৃদয়ের সব ব‍্যকুলতা;

স্বাধীন হৃদয়েও  পরাধীনতার নির্মম দাসত্ব ;


বহু দূর থেকে ভেসে আসা 

বাতাসে ফুলের সুগন্ধের মতো মনের কোণে কোণে গভীর বিস্ময়ে পৌঁছে যাওয়া স্নিগ্ধতার মত সুদৃঢ় সম্বন্ধ হৃদয়ের গভীরে গড়তে চাই....

হৃদয়ের সুগন্ধে যে হৃদয় আকুলিত....সুবাসিত..

সেই হৃদয়ই ভালো বৃক্ষের সন্ধান;

 ক্ষুদ্র বাসা বাঁধতে ঘুমন্ত পাখিরা জেগে ওঠে  হঠাৎ!

বহুদূর থেকে বাতাসে বাতাসে সুর -সন্ধ‍্যা ভেসে আসে

মনের চারিধার তখন সুস্থির

প্রশান্তির ধ‍্যানে  মগ্ন....

হৃদয় তখন গভীর আত্মানুভূতির  আবেশে চিরআচ্ছন্ন।


----------------------🌷মহুয়া বিশ্বাস

অদিতি ঘটকের দুটি কবিতা--

অদিতি ঘটকের দুটি কবিতা-- জীবাশ্ম আর পাপোশে ধুলো ঝেড়ে ঘরে ঢুকি না  কারন ধুলোই আমার আবাস আর আমি সেই ধুলোর মধ্যে মিশে থাকা জীবাশ্ম ...